ঝিনাইদহে মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে পিটিয়েছে বখাটেরা

আহত মুক্তিযোদ্ধা অসিত কুমার সাহাঝিনাইদহের কালীগঞ্জে অসিত কুমার সাহা (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা ও তার ছেলে কাত্তিক সাহাকে (২৮) পিটিয়েছে এলাকার বখাটে দুই যুবক। বুধবার দুপুরে উপজেলার বেথুলী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।  আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত মুক্তিযোদ্ধা অসিত কুমার সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালের দিকে বেথুলী পূজা মণ্ডপের কাছে আমি শুকানোর জন্য ধান নেড়ে দেই। দুপুরের দিকে একই এলাকার দিলীপ সাহার দুই ছেলে দিপংকর ও রাজা তাদের ধান ফেলে দেয়। এর প্রতিবাদ করলে ক্ষীপ্ত হয়ে দিপংকর ও রাজা আমাকে ও আমার ছেলে কাত্তিক সাহাকে কিল, ঘুষি ও বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে।’

ওই উচ্ছৃঙ্খল যুবকদের হামলায় মুক্তিযোদ্ধার একটি চোখ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হেলাল উদ্দীন সর্দার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুক্তিযোদ্ধা অসিত কুমার সাহা ও তার ছেলেকে মারপিট করার বিষয়টি থানার ওসিকে জানিয়েছি। এ ব্যাপারে ভুক্তভোগীরা মামলা করবেন।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুক্তিযোদ্ধাকে মারপিটের বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে মামলা হলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/বিটি/এসএনএইচ/