সুন্দরবনে বনদস্যু কবিরাজ বাহিনীর দুই সদস্য আটক

 Bagerhat Photo(16.03.2017)

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু কবিরাজ বাহিনীর দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-৮ (র‌্যাব)। বৃহস্পতিবার দুপুরে পূর্ব সুন্দরবনে চাদঁপাই রেঞ্জের পশুর নদীর চারাখালী খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি একনালা বন্দুক, একটি বিদেশি কাটা রাইফেল, ২টি বিদেশি ওয়ান শুট্যারগানসহ বিভিন্ন অস্ত্রের ১৩ রাউন্ড গুলি, ২টি দেশীয় তৈরি ধারালো রামদা এবং সিমসহ ১টি মোবাইল উদ্ধার করে র‌্যাব ।

আটককৃতরা হলেন, বাগেরহাটের মংলা উপজেলার আমড়াতলা গ্রামের আজিজ শেখের ছেলে সহিদুল (২২) ও ফকিরহাটের লকপুর গ্রামের শুকুর আলীর ছেলে সিরাজুল নিকারী (৪৫)।

র‌্যাব -৮ এর উপ অধিনায়ক আদদান কবির জানান, বনদস্যু কবিরাজ বাহিনী সুন্দরবনের পশুর, শিবসা নদী এবং নদী সংলগ্ন বিভিন্ন খাল ও এলাকার নিরীহ জেলেদের অপহরণ ও মাছ ধরার ট্রলারে লুটপাট চালায়। জেলেদের অপহরণের পর কৌশলে জেলে ও বনজীবীদের পরিবারকে ফোন করে জন প্রতি বিপুল অংকের মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিয়ে অনেক জেলে ছাড়া পায় এবং মুক্তিপণ দিতে না পারলে জেলেদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। এমন সংবাদের ভিত্তিতে পশুর নদীতে অভিযান চালিয়ে চারাখালী খাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত বনদস্যুদের মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: কী ঘটেছিল সেদিন কুষ্টিয়ার ওই হোটেলে