অনুমোদনের অপেক্ষায় কেসিসির ‘নির্বাচনি’ বাজেট

খুলনা সিটি করপোরেশনখুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে বলা হচ্ছে নির্বাচনি বাজেট। কারণ আগামী বছরের মে-জুন মাস নাগাদ কেসিসি নির্বাচনের সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে মাথায় রেখেই নতুন অর্থবছরের বাজেট প্রণয়ন করা হচ্ছে।
জানা গেছে, প্রস্তুতকৃত প্রস্তাবিত বাজেট প্রায় ৪৮০ কোটি টাকা হচ্ছে। যা আগামী ৬ আগস্ট ঘোষণার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত এ খসড়া বাজেট আগামী ৩০ জুলাই কেসিসির বিশেষ সাধারণ সভায় উত্থাপন করা হচ্ছে। ওই সভায় অনুমোদন পাওয়ার পরই তা ঘোষণার উদ্যোগ নেওয়া হবে।
কেসিসির অর্থ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর শেখ গাউসুল আযম বলেন, ‘প্রস্তাবিত বাজেট নিয়ে ইতোমধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। সামনের ৩০ জুলাই প্রস্তাবিত বাজেট নিয়ে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় আলোচনার পর কাউন্সিলররা প্রস্তাবিত বাজেট অনুমোদন দেবেন। একই সঙ্গে সভায় বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদিত হবে। এবারের বাজেটে কেসিসির আসন্ন নির্বাচনের বিষয়টিও প্রধান্য পাচ্ছে। ফলে বাজেটের আকারও বেড়েছে।’
কেসিসি সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটে এবার অগ্রাধিকার পাচ্ছে কনজারভেন্সি বিভাগ। বিশেষ করে জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা ও পেরি মাটি উত্তোলন প্রক্রিয়া খাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হচ্ছে।

গণতান্ত্রিক বাজেট আন্দোলন খুলনার আহ্বায়ক অ্যাডভোকেট কুদরৎ-ই-খুদা বলেন, ‘খুলনা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটারদের খুশি করার মানসিকতা থেকে এবারের প্রস্তাবিত বাজেট প্রণয়ন করছে। নির্বাচনকে সামনে রেখে ভোটারদের খুশি করার জন্য অপ্রত্যাশিত এবং অবাস্তব বাজেট পেশ করা ঠিক হবে না।’

কেসিসি’র বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার কাজী জাকিরুল হাসান বলেন, ‘প্রস্তুতকৃত প্রস্তাবিত বাজেট আগামী ৩০ জুলাই বিশেষ সাধারণ সভায় অনুমোদন হবে। ওই দিন বাজেট ঘোষণার দিনক্ষণও চূড়ান্ত করা হবে।’

/এমও/