বেনাপোলে যাত্রীর পায়ু পথে মিললো ১০টি স্বর্ণের বার

স্বর্ণসহ আটক যাত্রীবেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দারা মইনুদ্দিন (২৭) নামে এক যাত্রীর পায়ু পথ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে। সোমবার (৯ অক্টোবর ) দুপুর ১২টার দিকে বেনাপোল চেকপোস্টের টিটি চেকিং এর সময় তাকে আটক করা হয়। 

আটক মইনুদ্দিনের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দারানি পাড়া গ্রামে। তার পাসপোর্ট নম্বর বিএল ০৫০১৫৯৫।

বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা কবির হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি স্বর্ণের একটি বড় চালান বেনাপোল দিয়ে ভারতে যাবে। এজন্য  শুল্ক গোয়েন্দারা কাস্টমসের টিটি চেকিং এর পাশে গোপনে অবস্থান নেন। এরপর ওই সোনা পাচারকারী কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ শেষ করে ভারতে যাওয়ার আগ মুহূর্তে টিটি চেকিংয়ের সময় মেটাল ডিটেকটর যন্ত্র দিয়ে পরীক্ষা করে তার পায়ু পথে স্বর্ণের সন্ধান পাওয়া যায়। পরে ওই যাত্রীর এক্সরে করে স্বর্ণের সঠিক সন্ধান নিশ্চিত করা হয়। শুল্ক কর্মকর্তারা ওই যাত্রীকে কলা ও জুস খাইয়ে তার পায়ুপথ থেকে ১০টি স্বর্ণের বার বের করে আনেন। 

বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার আব্দুস সাদিক জানান, স্বর্ণসহ আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন:

বগুড়ায় শিশুকে ধর্ষণের চেষ্টা, দাদা গ্রেফতার