তেঁতুল হুজুরদের না ছাড়লে নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা নয়: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রীতথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেনযুদ্ধাপরাধী ও তেঁতুল হুজুরদের সঙ্গ না ছাড়লে বিএনপির সঙ্গে কোনও আলোচনা নয়। তিনি বলেন,  ‘বিএনপি নির্বাচন নিয়ে এত প্রস্তাব দিচ্ছে অথচ রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী ও তেঁতুল হুজুরদের ছাড়ার কোনও আলোচনায় আসছেন না।’

শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

তিনি  বলেন, ‘নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আলোচনা করতে হলে যুদ্ধাপরাধী ও তেঁতুল হুজুরদের ত্যাগ করেই আলোচনায় আসতে হবে। তা না হলে বিএনপির সঙ্গে গণতন্ত্র ও নির্বাচন নিয়ে কোনও আলোচনা হবে না।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচন নিয়ে যেমন বির্তকের অবসান হওয়া উচিত, তেমনি যুদ্ধাপরাধী ও তেঁতুল হুজুরদের নিয়ে বিতর্কের অবসান হওয়া দরকার।’

এসময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।