কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উজানগ্রাম ইউনিয়নের মহিষাডাঙ্গা মহাসড়কে গাছের সঙ্গে রশি বেঁধে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে একটি টিম সেখানে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে একপর্যায়ে ডাকাত দল পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম, কনস্টেবল আহাদুল ইসলাম আহত হয়েছেন। অভিযানে পুলিশ একটি পিস্তল, একটি বন্দুক, একটি গাছকাটা করাত ও মোটা রশি উদ্ধার করা হয়েছে।