জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থানের ডাক পৌরকর্মীদের

বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনপৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে শতভাগ পরিশোধ ও পেনশনের দাবিতে আগামী ১০ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন। এই কর্মসূচিতে দেশের সব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ফলে দেশের বিভিন্ন পৌরসভায় নাগরিক সেবা দানে জটিলতা তৈরির আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার (৬ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই কর্মসূচির কথা জানান, বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিঠু। তিনি বলেন, ‘এর জন্য যে নাগরিক ভোগান্তি হবে তার দায় সরকারের ওপর যাবে। কারণ সরকার দীর্ঘদিনেও তাদের ন্যায্য দাবি মেনে নেয়নি। বাধ্য হয়ে এই ধরনের কর্মসূচি দিতে বাধ্য হয়েছে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।’

সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সভাপতি রঞ্জন কান্তি গুহ, বাগেরহাট জেলা শাখার সভাপতি অজিত কুমার হালদার, সাংগঠনিক সম্পাদক শেখ জামশেদ আলী, রেজাউল করিম প্রমুখ।