খুলনা ও গাজীপুরে সীমিত পরিসরে ইভিএম ব্যবহার হবে: নির্বাচন কমিশনার

খুলনা ও গাজীপুর সিটি করপোরেশননির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন, ‘খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সীমিত পরিসরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে। এর আগে কেসিসি নির্বাচনে যে সব ইভিএম মেশিন ব্যবহার করেছিলাম তা এবার বাতিল করা হয়েছে। এই নির্বাচনে আরও উন্নত ইভিএম মেশিন ব্যবহার করা হবে। তবে খুলনাতে কয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।’

শুক্রবার (৬ এপ্রিল) দুপুরে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও সহায়ক কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে গুরুত্বপূর্ণ কেন্দ্র বাছাই করে সেখানে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে গুরুত্বপূর্ণ কেন্দ্র (ঝুঁকিপূর্ণ) ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ সব কেন্দ্রে যতদূর সম্ভব সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি এ সব কেন্দ্রের দায়িত্বে যারা থাকবেন, তাদের বিশেষ ক্ষমতা দেওয়া হবে।’

নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েনের চিন্তা বিবেচনায় আসতে পারে। তবে স্থানীয় সরকার নির্বাচনে আমরা সেনাবাহিনী মোতায়েনের কথা ভাবছি না। সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনাও নেই।’

নির্বাচন কমিশনার বলেন, ‘নিষিদ্ধ কোনও দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে ব্যক্তিগতভাবে যেকোনও লোক নির্বাচন করতে পারবে। সব প্রার্থী যাতে সমান অধিকার পায় সেজন্য প্রশাসনকে নিদের্শনা দেওয়া হয়েছে। আদালত থেকে কোনও ধরনের নির্দশনা না আসলে তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা জোর দিচ্ছি মনোনয়নপত্র কেনা-বেচা, যাচাই-বাছাইয়ে কোনও ধরনের ভুলত্রুটি ও অনিয়ম যাতে না হয়। এ জন্য আমরা এবার নির্বাচন পরিচালনাকারীদের প্রশিক্ষণের ব্যাপারটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। এছাড়া প্রার্থীরা সবাই যাতে নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারে সে ব্যাপারেও প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, যুগ্ম সচিব মিজানুর রহমানসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।