কেসিসি নির্বাচন: কাউন্সিলর পদে বিএনপির মনোনয়ন চান ১৩৮ জন

খুলনা সিটি করপোরেশন নির্বাচনখুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচনে কাউন্সিলর পদে বিএনপির মনোনয়ন পেতে ১৩৮ জন আবেদন করেছেন। শনিবার থেকে তিন দিনের স্বাক্ষাৎকার গ্রহণের দিন নির্ধারিত ছিল। তবে, তা পরিবর্তন করা হয়েছে। মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জুসহ অধিকাংশ সদস্য মেয়র পদে প্রার্থীর সাক্ষাৎকারের জন্য ঢাকায় অবস্থান করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সাক্ষাৎকার শেষে বিএনপির কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করা হবে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেসিসি নির্বাচনে কাউন্সিলর মনোনয়ন বোর্ড চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘বৃহস্পতিবার শুরু করে শুক্রবার বিকাল পর্যন্ত ৩১টি সাধারণ ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়। নির্ধারিত সময় শেষে ১৩৮ জন আবেদন করেছেন। এর মধ্যে সাধারণ ওয়ার্ডের জন্য ১০৯ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের জন্য ২৯ জন নারী রয়েছেন। আগামী ৯ এপ্রিল সাধারণ ওয়ার্ড ১ থেকে ২০ পর্যন্ত কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সকাল ১০টা থেকে শুরু হবে সাক্ষাৎকার গ্রহণ। চলবে রাত পর্যন্ত। পরদিন ১০ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হবে সংরক্ষিত আসনের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার। দুপুরে নামাজ ও মধ্যাহ্ন ভোজের এক ঘন্টা বিরতি শেষে শুরু হবে সাধারণ ওয়ার্ড ২১ থেকে ৩১ নম্বর পর্যন্ত ওয়ার্ডের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার।’


মহানগর বিএনপির সহ দফতর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল বলেন, ‘সাক্ষাৎকারের জন্য বোর্ডের সামনে হাজির হওয়ার সময় প্রার্থীদেরকে নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতার স্বপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।’

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১৫ মে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ এপ্রিল। এছাড়া যাচাই-বাছাই ১৫-১৬ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল।