এবার পরস্পরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ খালেক-মঞ্জু’র

তালুকদার আব্দুল খালেক ও নজরুল ইসলাম মঞ্জুখুলনা সিটি করপোরেশন নির্বাচনে (কেসিসি) এবার পরস্পরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ নির্বাচন অফিসে দাখিল করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তালুকদার আব্দুল খালেকও পাল্টা অভিযোগ করে বলেছেন, বিএনপির প্রার্থী মঞ্জু আচরণবিধি অমান্য করে গাড়িতে ধানের শীষের গোছা লাগিয়েছেন।

এর আগে বিএনপির প্রার্থী নির্বাচন অফিসে লিখিত অভিযোগ করেন, তালকুদার আব্দুল খালেক হলফনামায় তথ্য গোপন করেছেন। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, হলফনামায় মঞ্জু সঠিক তথ্য দেননি। তিনি আয়ের যে হিসাব দিয়েছেন তার জীবনযাপনের সঙ্গে তার সামঞ্জস্য নেই।

রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের একটি কপি পেয়েছি।’

লিখিত অভিযোগে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, সংসদ সদস্য এস এম মোস্তফা রশিদী সুজা, সংসদ সদস্য মিজানুর রহমান মিজান আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে বিবৃতি প্রদান করছেন। যা বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এই তিন সংসদ সদস্য বিবৃতিতে আমার (মঞ্জু) ও দলের (বিএনপি) নেতাদের বিরুদ্ধে অসত্য, কুৎসা, বেআইনি ও উসকানিমূলক তথ্য প্রদান করেছেন। যা সিটি করপোরেশ নির্বাচনি আচরণবিধিমালা ২০১৬ এর ২২নং বিধির লঙ্ঘন।’

অভিযোগ সম্পর্কে মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, ‘আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। এ দলের সাংগঠনিক কর্মকাণ্ড প্রতিদিন থাকে। এসব সাংগঠনিক কর্মকাণ্ড করতে গিয়ে সংসদ সদস্যরা বক্তব্য রাখছেন। তারা নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন না। বরং প্রচারণা শুরু না হওয়া সত্ত্বেও বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু তার গাড়িতে ধানের শীষের গোছা লাগিয়ে প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করছেন।’

আরও পড়ুন-

খালেকের বিরুদ্ধে মঞ্জুর অভিযোগের শুনানি বৃহস্পতিবার

খালেকের মনোনয়নপত্র বাতিল চান মঞ্জু

মঞ্জুর বিরুদ্ধে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ আ.লীগের

হলফনামায় অসত্য তথ্য দেইনি, ভোটেই ফয়সালা হবে: খালেক

কেসিসি নির্বাচন: দলীয় ঐক্যে জোর আ.লীগ-বিএনপির