খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক শুক্রবার (২৭ এপ্রিল) সকালে নগরীর ১৬নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন। সকাল সাড়ে ৮টায় রায়ের মহল হামিদনগর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। খালেক ১৬ ও ১৭নং ওয়ার্ডের বয়রাবাজার, রায়েরমহল, পূজা খোলা, ইসলামিয়া কলেজ রোড, বয়রা কলেজ রোড, নিউমার্কেট এলাকা, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকা, সিঅ্যান্ডবি কলোনি, করিমনগরসহ বিভিন্ন এলাকায় ঘুরেছেন।
এদিকে, বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নগরীর খালিশপুর ১০ ও ৭নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ দুটি ওয়ার্ডে গণসংযোগ করেন। প্রথমে তিনি খালিশপুর পৌর সুপার মার্কেট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এরপর তিনি ওয়ার্ডের চিত্রালীবাজার, বঙ্গবাসী স্কুল মোড়, নতুন কলোনি, মানসী বিল্ডিং মোড়, পিপলস পাঁচতলা মোড়, লাল হাসপাতাল রোড, বিআইডিসি রোড, ভাটিয়াপাড়া এলাকা, উত্তর কাশিপুর, রায়পাড়া, মেঘনা ও পদ্মা রোড, কাশিপুর ক্রসরোড, রাজধানীর মোড়, বিএল কলেজ বাইলেন, পশ্চিমপাড়া, মালা গ্যারেজ মোড়সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। বিএনপি’র মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু খালিশপুর শিল্পাঞ্চলের ক্রিসেন্ট জুটমিল জামে মসজিদে জুমার নামাজ পড়েন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেয়র প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুজাম্মিল হক নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়, হার্ডমেটাল গ্যালারি, ফেরিঘাট মোড়, নিক্সন মার্কেট, ক্লে রোড, সদর থানা মোড়, বড়বাজার, কালিবাড়ি রোড, পিকচার প্যালেস মোড় এবং ২০ ও ২৬ নম্বর ওয়ার্ডসহ দিনব্যাপী বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
সিপিবি-বাসদসহ পাঁচ দলের মেয়র প্রার্থী মিজানুর রহমান বাবু দিনব্যাপী রূপসা বেড়িবাঁধ, ২ নম্বর কাস্টমস ঘাট, কয়লাঘাট, রূপসা ব্রিজ এবং ২২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। সন্ধ্যায় তিনি দর্জি শ্রমিক লীগের সঙ্গে মতবিনিময় করেন।
মেয়র প্রার্থীদের মতো মহানগরীর ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন ও ১০টি সংরক্ষিত মহিলা আসনে ৩৯ জন নারী কাউন্সিলর প্রার্থী অবিরাম ছুটে চলছেন। নিজ নিজ ওয়ার্ডের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন তারা।
আরও পড়ুন:
খুলনায় বিদ্রোহী ছয় কাউন্সিলর প্রার্থীকে বিএনপির হুঁশিয়ারি