ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বিধ্বস্ত ট্রাকঝিনাইদহ সদরের লাউদিয়া এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার (২ মে) দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে ইজিবাইক চালক মাহবুব হোসেন এবং যাত্রী আসলাম হোসেন ও হাজেরা খাতুনের পরিচয় পাওয়া গেছে।
ওসি জানান, ঝিনাইদহ শহর থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে তেঁতুলতলায় যাচ্ছিল। ইজিবাইকটি ঝিনাইদহ-যশোর মহাসড়কের লাউদিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি উল্টে গিয়ে ইজিবাইকটিকে ওপর চাপা দেয়। ঘটনাস্থলেই ইজিবাইক চালক মাহবুব হোসেন, ইজিবাইক যাত্রী আসলামসহ ৩ জন নিহত ও অপর পাঁচজন আহত হয়। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে হাজেরা খাতুন নামে এক নারী মারা যায়।
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বিধ্বস্ত সিএনজিতিনি আরও জানান, আহত হওয়া যাত্রী আয়েশা, মামুন ও সোহেলকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।