সোমবার (৪ জুন) যশোর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় কাজী নাবিল আহমেদ বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন দেশ দিয়েছেন,আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সম্মান আজ বিশ্বের দরবারে সুউচ্চ আসনে আসীন করেছেন।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে আজ আমরা প্রতিবেশী দেশগুলোর চেয়ে শিক্ষা, স্বাস্থ্য, শিশুমৃত্যু-মাতৃমৃত্যুরোধে উন্নয়ন সূচকে এগিয়ে আছে।’
তিনি বলেন, ‘যশোর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে আমি চেয়েছি আপনাদের কল্যাণে কিছু করার। সেক্ষেত্রে যতটুকু পেরেছি, তার সমস্ত কৃতিত্ব আপনাদের; আর ব্যর্থতাটুকু সব আমার।তবে, একটি বিষয় স্মরণযোগ্য। আর তা হলো,স্বাধীনতা পরবর্তী সময়ে যশোর সদরে যে উন্নয়ন হয়েছে,তার চেয়ে বেশিই উন্নয়ন হয়েছে এই সরকারের আমলে।’
তিনি বলেন, এই সরকারের আমলে যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর মেডিক্যাল কলেজ, এমএম কলেজের ভবন, রাস্তাঘাট, স্কুল-কলেজের ভবন নির্মাণ ও সংস্কার, সর্বোপরি এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি ভৈরব নদের সংস্কার কাজ শুরু করা হয়েছে।
কাজী নাবিল বলেন, ‘আমার দায়িত্ব সম্পূর্ণ সততার সঙ্গে পালনের সর্বাত্মক চেষ্টা করেছি। অনেক প্রতিকূল পরিবেশ মোকাবিলা করেছি আপনাদের সর্বাত্মক সহযোগিতায়।’
দোয়া ও ইফতার অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর পৌরসভার সাবেক মেয়র এসএম কামরুজ্জামান চুন্নু, মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ,আওয়ামী লীগ নেতা মোহিত কুমার নাথ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদদ্দৌলা, জাতীয় পার্টির নেতা অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হারুন অর রশিদ, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু, ডা. আবু হাসান লাল্টু, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সেতারা খাতুন, উপশহর মহিলা কলেজের প্রিন্সিপ্যাল হারুন অর রশিদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।