দর্শনা চেকপোস্টে দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

গ্রেফতারের প্রতীকী ছবিচুয়াডাঙ্গা থেকে আটটি স্বর্ণের বারসহ দীপক মণ্ডল (৫১) ও প্রভাত মল্লিক (৪৫) নামে দুই ব্যক্তিকে আটক করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা। বুধবার বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

আটককৃত দীপক মণ্ডল ঢাকার নওয়াবগঞ্জ এলাকার কান্দামাত্রা মহল্লার খোসাই মণ্ডলের ছেলে এবং প্রভাত মল্লিক একই এলাকার যোগেশ মল্লিকের ছেলে।

যশোর বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা উপ-পরিচালক সাইফুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার দুপুরে দুই পাসপোর্টধারী যাত্রী স্বর্ণের বারসহ জেলার দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় তাদের আটক করা হয়। পরে সাংবাদিকদের সামনেই তাদের দেহ তল্লাশি করে ২.৬ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে।