নিখোঁজের পাঁচদিন পর যশোরের যুবলীগ নেতার লাশ উদ্ধার

01নিখোঁজের পাঁচদিন পর বাঘারপাড়ার যুবলীগ নেতা তরিকুল ইসলামের (২৮) লাশ নড়াইল থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ আগস্ট) সকালে নড়াইল সদরের সীতারামপুর ব্রিজের কাছ থেকে থেকে লাশটি উদ্ধার করা হয়। তরিকুল উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও জামদিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

নড়াইল সদর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘তরিকুল নামে এক যুবকের লাশ উদ্ধার করে আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ যথাস্থানে হস্তান্তর করা হবে।’ নিহতের বাম কানের নিচে গোলাকার দাগ রয়েছে বলেও উল্লেখ করেন এ পুলিশ কর্মকর্তা।

তরিকুলের মা জাহানারা বেগম জানান, গত ৩ আগস্ট সন্ধ্যার দিকে বাঘারপাড়ার হাটখোলার দত্তরাস্তা এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার ছেলেকে আইনশঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য তুলে নিয়ে যায়। তবে বিষয়টি অস্বীকার করে তারা।
বাঘারপাড়া ও যশোর কোতোয়ালি থানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন অফিসে খোঁজ করেও তরিকুলের সন্ধান মেলেনি উল্লেখ করে জাহানারা বেগম বলেন, ‘আমি শুনেছি তারা আমার ছেলেকে গাড়িতে করে তুলে নিয়ে যায়। মা হিসেবে জানি, আমার ছেলে সন্ত্রাসী ছিল না। যতটুকু জানি, তার বিরুদ্ধে কোনও মামলাও নেই।’

জানতে চাইলে বাঘারপাড়া থানার ওসি মনিরুল আলম বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না। তবে তরিকুল নামে এক যুবকের লাশ উদ্ধারের খবর নড়াইল সদর থানার ওসি আমাকে জানিয়েছেন।’