জীবননগরে বজ্রাঘাতে দুই জেলের মৃত্যু

বজ্রাঘাতচুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী মৃগমারী বিলে বজ্রাঘাতে আবুল কাশেম (৩৫) ও আশাবুল হক নামে দুই জেলের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

জীবননগর থানার ওসি শেখ গণি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার বিকালে আবুল কাশেম মাছ ধরার জন্য উথলী মৃগমারী বিলে যায়। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবুল কাশেমের মৃত্যু হয়।

নিহত আবুল কাশেম উপজেলার শিয়ালমারী এলাকার বাসিন্দা এবং পেশায় জেলে।

একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের আতিকুল ইসলাম ছেলে আশাবুল হককে সঙ্গে নিয়ে গোয়ালপাড়া বাজার সংলগ্ন সড়কের ধারে জলাশয়ে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে ছেলে আশাবুল ঘটনাস্থলেই নিহত ও আতিকুল ইসলাম আহত হন। আহত আতিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।