কামাল হোসেনরা গণতন্ত্র ও নির্বাচনকে জিম্মি করতে চাচ্ছে: তথ্যমন্ত্রী

 

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুড. কামাল ও বি. চৌধুরীরা জামায়াত-রাজাকারের সঙ্গে সংসার করতেই বিএনপির ঘরে ঢুকেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের সঙ্গে তথাকথিত ঐক্যের মাধ্যমে কামাল হোসেনরা গণতন্ত্র ও নির্বাচনকে জিম্মি করতে চাচ্ছে।’

রবিবার (৭ অক্টোবর) বিকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর স্কুল মাঠে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেখানে তিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন। স্থানীয়রা তথ্যমন্ত্রীর বাবার স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন করেন।

হাসানুল হক ইনু বলেন, ‘সাজাপ্রাপ্ত খালেদা জিয়াসহ সব অপরাধীর মুক্তির জন্য ড. কামাল হোসেন, বি.চৌধুরীরা দরকষাকষি করছেন। কোনও অবস্থাতেই আমরা সাজাপ্রাপ্ত অপরাধীদের মুক্তির দরকষাকষির সালিশেও বসবো না, আলোচনাতেও বসবো না।’

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘কামাল হোসেন, বিএনপি ও জামায়াতরা জোট বাঁধার নামে একটি ঘোট পাকাচ্ছে। তারা অবাস্তব নির্দলীয় সরকারের প্রস্তাব দিচ্ছে।’

অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।