কুষ্টিয়ায় ট্রাকচাপায় পুলিশের এসআই নিহত

এসআই মাসুদ আলীকুষ্টিয়া সদরে ট্রাকচাপায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ আলী (৪৫) নিহত হয়েছেন। রবিবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের ভাদালিয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি কুষ্টিয়া মডেল থানায় কর্মরত ছিলেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মাসুদ আলী রাজবাড়ী জেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

ওসি রতন শেখ জানান, বিকালে এসআই মাসুদ আলী কুষ্টিয়ার ভাদালিয়ায় যাওয়ার পথে বালি বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে ওই ট্রাকের চালক খাইরুল ইসলাম (৬০) ও হেলপার হোসেনকে (৩৫)আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।