সংসদ নির্বাচনকে ঘিরে খুলনা জাপায় টানাপোড়েন

 খুলনা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা জেলা ও পাইকাছা উপজেলা জাতীয় পার্টিতে ক্ষোভ বিক্ষোভ দানা বেধে উঠেছে। এরইমধ্যে বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করাও হয়েছে। পাইকগাছা উপজেলা জাপার আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম মধু ও একই কমিটির সহ-সভাপতি পাইকগাছা উপজেলা জাপার আহ্বায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর খুলনা-৬ আসনে দলীয় মনোনয়ন জমা দেওয়ার পর এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

কেন্দ্রের নির্দেশ অমান্য করায় পাইকগাছা উপজেলা জাপার আহ্বায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর ও সদস্য সচিব সামসুল হুদা খোকনকে দল থেকে বহিষ্কার করার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠিয়েছে জেলা জাপা। বৃহস্পতিবার জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম মধু ও সাধারণ সম্পাদক এম হাদী উজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে পাইকগাছা উপজেলা জাপার আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পাইকগাছা উপজেলা জাপার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয় ২০১৭ সালের ২২ নভেম্বর। যাতে পরবর্তী তিন মাসের মধ্যে সব ইউনিয়ন কমিটি গঠনসহ সম্মেলন করে উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা ছিল। এছাড়া ঢাকায় জাপার মহাসমাবেশে পার্টির চেয়ারম্যানের নির্দেশে সব উপজেলা/ পৌরসভা/ইউনিয়ন/ওয়ার্ড কমিটি গঠন করার জন্য বলা হয়। চেয়ারম্যানের নির্দেশনা মতে খুলনা জেলা থেকে সব উপজেলা শাখার আহ্বায়ক কমিটিকে চিঠি দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশনা অনুযায়ী তারা কমিটি করতে ব্যর্থ হয়েছে। কিন্তু চেয়ারম্যানের নির্দেশনা ও গঠনতন্ত্র মোতাবেক কমিটি গঠন করতে না পারায় পাইকগাছা উপজেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে গঠনতন্ত্র বিরোধী কাজ করার জন্য পাইকগাছা উপজেলা কমিটির আহ্বায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর ও সদস্য সচিব সামসুল হুদা খোকনকে দলের সব পদ থেকে বহিষ্কার করার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।

অপর দিকে শফিকুল ইসলাম মধুকে অবাঞ্চিত ঘোষণা করে তার মনোনয়ন প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে পাইকগাছা উপজেলা জাপা’র নেতারা। বৃহস্পতিবার বিকালে বাজার চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধুর মনোনয়ন প্রত্যাহার করে উপজেলা জাপার আহ্বায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীরের মনোনয়ন চুড়ান্ত করার দাবি জানান। মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন উপজেলা জাপার সদস্য সচিব সামছুল হুদা খোকন, পৌর আহ্বায়ক গাজী আব্দুস সামাদ, জাপানেতা কৃষ্ণ রায়, ইউলাদ গোলদার, জিএম আব্দুর রাজ্জাক, প্রভাষ মণ্ডল প্রমুখ।