খুলনার ৯ উপজেলার আটটিতে ভোটগ্রহণ হবে। ২৭ মার্চ নৌকা প্রতীক বরাদ্দ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হওয়ায়, খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাচন ১০ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। যার কারণে রবিবার ডুমুরিয়ায় ভোটগ্রহণ হচ্ছে না।
জেলার আটটি উপজেলার মধ্যে বটিয়াঘাটা ও ফুলতলা উপজেলায় চেয়ারম্যান পদে এবং দাকোপে ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকায়, এই পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হচ্ছে। এছাড়া চেয়ারম্যান পদে ২১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
উপজেলা পরিষদ নির্বাচনে খুলনার ৬৫ শতাংশ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কঠোর ব্যবস্থার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন। আটটি উপজেলায় ভোট কেন্দ্র রয়েছে ৪৭৭টি। দুর্গম যোগাযোগ ব্যবস্থা, স্পর্শকাতর এলাকা ও দূরবর্তী স্থান বিবেচনায় ২৯৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও ১৮৩টি কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
খুলনা জেলা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ওয়াস) আব্দুর রশীদ বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খুলনায় ২১ হাজার পুলিশ, ৪ হাজার ৬৯২ আনসার, ২৪ প্লাটুন বিজিবি , র্যাবের ১৮টি দল ও ২০৭ জন কোস্টগার্ড দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, গত উপজেলা নির্বাচনে খুলনার ৯টি উপজেলার মধ্যে ছয়টিতে চেয়ারম্যান পদে জয় পায় আওয়ামী লীগ। ডুমুরিয়া ও পাইকগাছায় বিএনপি এবং কয়রায় জামায়াত প্রার্থী নির্বাচিত হন। তবে এবার বিএনপি-জামায়াত নির্বাচনে অংশ নিচ্ছে না।