কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব হোসেন (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সে। বিপ্লব কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের লোকমান শেখের ছেলে।

নিহতের প্রতিবেশী নাসিম উদ্দীন জানান, সকালে নিজেদের ঘরে বিদ্যুতের তারের কাজ করছিল বিপ্লব। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী জানান, একজন কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে মারা গেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অরুণ কুমার জানান, হাসপাতালে আনার আগেই বিপ্লব মারা যায়।