গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে আহত প্লাবন বসু (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছেন। মঙ্গলবার (২৮ মে) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ২০ মে সকাল ৭টার দিকে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহত প্লাবন উপজেলার মাথাভাঙ্গা গ্রামের রবীন্দ্রনাথ বসুর সন্তান। তিনি এ বছর নড়াইলের আব্দুল হাই ডিগ্রি কলেজ (সিটি) থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
নিহতের পরিবার জানায়, সদরের মাথাভাঙ্গা গ্রামের সত্যরঞ্জন বিশ্বাসের গরু প্রতিবেশী রবীন্দ্রনাথ বসুর চাষ করা ঘাস খেয়ে ফেলে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে কথা কাটকাটির এক পর্যায়ে সত্যরঞ্জন বিশ্বাসসহ তার দুই ভাই তাপস ও তপন বিশ্বাস ধারালো অস্ত্র দিয়ে রবীন্দ্রনাথের মাথায় ও তার ছেলে প্লাবনের বসুর বুকে আঘাত করে। তাদের উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্লাবনকে খুলনায় নেওয়া হয়। মঙ্গলবার (২৮ মে) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্লাবনের মৃত্যু হয়। রবীন্দ্রনাথ বসু চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।
নড়াইলের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বুধবার ঘটনাস্থল মাথাভাঙ্গা গ্রাম পরিদর্শন করেছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হরিদাস রায় বলেন, ‘এ ঘটনায় আগেই মামলা হয়েছে। এখন এটা হত্যা মামলায় পরিণত হবে।’