বেনাপোল সীমান্তে ২৮ কেজি গাঁজা উদ্ধার

উদ্ধার গাঁজাযশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৭ জুলাই) বেলা পৌনে ৩টার দিকে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় এই গাঁজা উদ্ধার করা হয়। তবে এ সময় কোনও চোরাকারবারিকে আটক করা যায়নি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, মাদক ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজার একটি চালান নিয়ে ঘিবা গ্রামের মাঠের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এই সংবাদের ভিত্তিতে দুপুরে রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্য নায়েক জাহিদুল ইসলাম ফোর্স নিয়ে সেখানে অভিযানে যান। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১২টি ব্যাগ রেখে পালিয়ে যায়। যেগুলোর মধ্যে ২৮ কেজি গাঁজা পাওয়া যায়।’