শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গান: ইউপি মেম্বারকে আটকের নির্দেশ

মেম্বার মতিয়ার রহমানমোংলায় শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গানের আয়োজক চাঁদপাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার মতিয়ার রহমান মোড়লকে আটক করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাহাত মান্নান সোমবার (৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় উত্তর চাঁদপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল কমিটির সভাপতির পদ থেকে ওই মেম্বারকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

ইউএনও বলেন, ভাষার মাসে শহীদ মিনার অবমাননাকারীর বিরুদ্ধে এরইমধ্যে জেলা প্রশাসকের (ডিসি) পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোনও ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে সোমবার সকালে তদন্ত কমিটি করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত কুমার পোদ্দারকে প্রধান করে এ কমিটি করা হয়। আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির প্রধান সুমন্ত কুমার উদ্বেগ জানিয়ে বলেন, ‘স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়টি আমি ও আমাদের ইউএনও মহোদয় কেউই জানি না। আমাদেরকে জানানো হয়নি। এ ঘটনায় উত্তর চাঁদপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরি রানী দাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে প্রধান শিক্ষিকা মেরি রানী বলেন,  ‘আমাকে না জানিয়েই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে রাতের বেলায় শহীদ মিনারে জুতা নিয়ে নাচ-গানের অনুষ্ঠান করে স্কুল ম্যানেজিং কমিটির (পরিচালনা পর্ষদ) সভাপতি ও ইউপি মেম্বার মতিয়ার রহমান। এ ব্যাপারে আমি কিছুই জানতাম না।’

ইউএনও’র নির্দেশের বিষয়ে মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, রবিবার রাত সাড়ে ১১টায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। মেম্বারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত মতিয়ার রহমানের উদ্যোগে উত্তর চাঁদপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গান ও নাচ পরিবেশন করা হয়।

অনুষ্ঠান চলাকালে এ বিষয়ে মেম্বারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘অনুষ্ঠান চলবে,আপনারা যা পারেন তাই করেন।’

আরও পড়ুন:

মেম্বারের উদ্যোগে শহীদ মিনারে জুতা পায়ে নাচ-গান!