দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মেহেরপুরে অভিযান

Meherpurমেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে। শুক্রবার (২০ মার্চ) বিকালে উপজেলার বামুন্দি বাজারে চালসহ অন্যান্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণে এই অভিযান চালানো হয়। এ সময় এক চাল ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া করোনাভাইরাস বিষয়ে সবাইকে সচেতন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি চালের দাম বৃদ্ধি ও মূল্য তালিকা না রাখার দায়ে চাল ব্যবসায়ী এনামুল হককে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম রিয়াজুল আলম ও বামুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাসসহ অনেকে।