শনাক্তের ৬ দিনের মাথায় মারা গেলেন করোনা রোগী

করোনাভাইরাস

খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন করোনা আক্রান্ত রূপসার জরিনা বেগম (৬৫)। ৩০ এপ্রিল নমুন পরীক্ষার পর তার পজেটিভ আসে। শনাক্তের ৬ দিনের মাথায় মঙ্গলবার (৫ মে) রাত ১০টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। তিনি খুলনার কোভিড-১৯ ডেডিকেটেড করোনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, জরিনা বেগম জ্বর, সর্দি, কাশি নিয়ে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। ৩০ এপ্রিল নমুনা টেস্ট পজেটিভ পাওয়া যায়। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা গেছেন।

তিনি জানান, জরিনার লাশ রাতে হাসপাতালেই রাখা হবে। সকালে প্রক্রিয়া সম্পন্ন করে রূপসা উপজেলার করোনা কমিটির মাধ্যমে লাশটি দাফন করা হবে।

করোনা হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার সকাল থেকেই ওই নারীর শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। শ্বাসকষ্টের পাশাপাশি ডায়রিয়া ছিল তার। রাত ১০টা ১০ মিনিটের  দিকে তিনি মারা গেছেন। তার বাড়ি রূপসা উপজেলার দেয়াড়া গ্রামে।

করোনা হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে জরিনা বেগম ২২ এপ্রিল খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। ২৯ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করে ৩০ এপ্রিল তার করোনা পজেটিভ আসে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, খুলনা বিভাগে এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১৬৪ জন। মারা গেছেন ৪ জন। হাসপাতালে এখনও ৪ জন চিকিৎসাধীন আছেন।