বন্ধ কল-কারখানা চালু ও বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

শ্রমিকদের বিক্ষভ মিছিলখুলনায় ব্যক্তি মালিকানাধীন মহসেন, সোনালি, অ্যাজাক্স, আফিল, জুট স্পিনার্স জুট মিলসহ সব কারখানার বকেয়া পাওনা পরিশোধ এবং বন্ধ কল-কারখানা চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। ব্যক্তি মালিকানাধীন পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের আহ্বানে রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় স্ব-স্ব মিলগেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সোনালি জুট মিলের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে তা শেষ হয়। একই সময়ে অ্যাজাক্স ও মহসেন জুট মিলের শ্রমিকরাও বিক্ষোভ মিছিল করেন।

মিছিলের আগে সভায় বক্তৃতা করেন ব্যক্তি মালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালি জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন, মো. নুরে আলম, সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, অ্যাজাক্স জুট মিল শ্রমিক নেতা আ. ওহাব, বখতিয়ার, সোনালি জুট মিল নন-সিবিএ নেতা বিল্লাল হোসেন, আবুল কাশেম, আবুল কালাম, ফারুক হোসেন, লুৎফর রহমান, মহসেন জুট মিলের সাবেক সিবিএ সভাপতি শহিদুল্লাহ খা, মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, ক্বারি আছহাব উদ্দিন, মাহাতাব উদ্দিন, প্রবীণ শ্রমিক আমির মুন্সি, এরশাদ আলী, ফেডারেশনের প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ।

ফেডারেশনের সভাপতি ও সোনালি জুট মিলের সাবেক সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন সোনালি জুট মিল বন্ধের পায়তারাকারী মিলের সিবিএ নেতাদের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান এবং বন্ধ মিল চালুসহ সব ব্যক্তিমালিকানাধীন মিলের শ্রমিকদের পাওনা পরিশোধের জোর দাবি জানান। আগামী ১৫ অক্টোবরের মধ্যে মহসেন জুট মিলের শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধ করা না হলে ১৬ অক্টোবর বিকাল ৪টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভার মাধ্যমে রাজপথ, রেলপথ অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রমিকনেতারা।