১ মিনিটে দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তি পর্যবেক্ষণে

খুলনায় এক মিনিটের মধ্যে করোনার দুই ডোজ টিকা নেওয়া যুবক রোকনুজ্জামান বর্তমানে নিজ বাসায় চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। তবে তিনি সুস্থ আছেন। 

মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যায় মহানগরীর দক্ষিণ টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকার ওই বাসিন্দার বাসায় গিয়ে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন চিকিৎসকরা।

এদিকে গত ৭ আগস্ট দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ করেন ময়লাপোতা এলাকার জহুরা বেগম (৭২)। স্বাস্থ্য বিভাগ তার অভিযোগের সত্যতা পায়নি। ওই বৃদ্ধাও সুস্থ আছেন।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর ওই যুবককে হাসপাতালে কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। শারীরিক অবস্থার পরিবর্তন না হওয়ায় তাকে বাসায় পাঠানো হয়। সন্ধ্যায় তার বাসায় চিকিৎসক পাঠানো হয়। তারা শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সার্বিক বিষয় পর্যবেক্ষণ করেন। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ রেখেছে। তবে ওই যুবক সুস্থ আছে।

মো. রোকনুজ্জামান বলেন, এক মিনিটের মধ্যে দুই জন নার্স পরপর তার বাঁ হাতে টিকা দেন। তিনি কিছু বুঝে ওঠার আগেই টিকা দেওয়া সম্পন্ন হয়। পরে বিষয়টি জানানোর পর তাকে টিকাদান কক্ষের পাশে পর্যবেক্ষণে রাখা হয়।  

খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন হালদার বলেন, ৭ আগস্ট গণটিকা শুরুর দিন সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকার ৭৩ বছরের এক বৃদ্ধা জহুরা বেগমকে দুবার টিকা দেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু খোঁজখবর নিয়ে অভিযোগের সত্যতা মেলেনি। বৃদ্ধা জহুরা সুস্থ আছেন।