ডুবে যাওয়া জাহাজ থেকে ১০ নাবিককে উদ্ধার 

মোংলা বন্দরের দুবলার চর এলাকায় পাথর বোঝাই জাহাজডুবির ঘটনা ঘটেছে। শনিবার (৯ অক্টোবর) ভোরে তলা ফেটে এমভি বিউটি লোহাগড়া-২ নামে লাইটার জাহাজটি ডুবে যায়। এ সময় ওই জাহাজে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। 

এর আগে শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে পশুর নদীতে সার নিয়ে এমভি দেশ বন্ধু নামে আরও একটি লাইটার জাহাজ ডুবে যায়। সেটি এখনও উদ্ধারের তৎপরতা শুরু করতে পারেনি মালিকপক্ষ। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন ও কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. হাসানুজ্জামান বলেন, মোংলা বন্দরের বাইরে ফেয়ারওয়ে এলাকায় অবস্থান করা সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি সাগর রতন থেকে ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশে রওনা হয় এমভি বিউটি লোহাগড়া-২।
 
পথে ভোররাতে দুবলার চর এলাকায় তলা ফেটে জাহাজটি ডুবতে থাকে। পরে খবর পেয়ে কোস্টগার্ড দুবলা ক্যাম্পের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে ওই জাহাজে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করে। পরে তাদেরকে অন্য একটি লাইটার জাহাজ এমভি দেশ দিগন্তে উঠিয়ে দেয় কোস্টগার্ড। উদ্ধারকৃত ওইসব নাবিকদের বাড়ি দেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে।