১৩ হাজারে বিক্রি হলো ১৫০ কেজি ওজনের গোলপাতা মাছ

বাগেরহাটের পূর্ব সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে প্রায় ৪ মণ (১৫০ কেজি) ওজনের গোলপাতা মাছ ধরা পড়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সকালে মৎস্য অবতরণ কেন্দ্রে কেবি ফিশারি ঘাটের জেলেরা মাছটি নিয়ে আসে। 

এ সময় মাছটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করে। পরে নিলামের মাধ্যমে ১৩ হাজার টাকা দিয়ে কিনে নেন জাহিদ শেখ নামে এক ব্যবসায়ী।

স্থানীয় কালাম শেখ বলেন, কেবি ফিশারিতে সব সময় এত বড় মাছ দেখা যায় না। সকালে জেলেরা ট্রলার থেকে নিয়ে আসলে এক নজর দেখতে আসি। 

মাছ ব্যবসায়ী জাহিদ শেখ বলেন, বাজারে বড় মাছ উঠলে কেনার চেষ্টা করি। সকালে কেবি ফিশারি বাজারের মহিতোষ বাবুর ঘরে মাছটি উঠানো হলে ডাকের মাধ্যমে ১৩ হাজার টাকায় কিনেছি। মাছটি প্রায় ১৫ ফুট লম্বা। কেটে দুইশ’ টাকা কেজি দরে সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর বাজারে বিক্রি করবো। 

সুস্বাদু মাছ হিসেবে স্থানীয় বাজারে গোলপাতা মাছের চাহিদা রয়েছে। এই মাছের বৈজ্ঞানিক নাম সেইল ফিস।