নৌ-বাণিজ‍্যে নেতৃত্ব দেবে মোংলা বন্দর: নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আগামী দিনে নৌ-বাণিজ‍্যে মোংলা বন্দর নেতৃত্ব দেবে। এ লক্ষ‍্যে সব ধরনের ব‍্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বঙ্গোপসাগর থেকে মোংলা বন্দর পর্যন্ত ১৩০ কিলোমিটারের নৌ চ‍্যানেলে সাড়ে ৯ মিটার ড্রাফটের জাহাজ আনার ব‍্যবস্থা করা হচ্ছে।’

বুধবার (১৬ মার্চ) বিকালে মোংলা বন্দরে ‘ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম’ (ভিটিএমআইএস)-এর উদ্বোধন করে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসার সভাপতিত্বে রেস্টহাউস পারিজাত চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘মোংলা বন্দরের আপগ্রেডেশনের লক্ষ‍্যে ছয় হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। বন্দর পর্যন্ত রেললাইন সংযোজন করা হয়েছে। ছয় লেনের সড়কের ব‍্যবস্থা করা হচ্ছে। পদ্মা সেতু এবং রেল লাইন চালু হলে বন্দরের গতি আরও বেড়ে যাবে। রিজিওনাল কানেক্টিভিটি বেড়ে যাবে। সে লক্ষ‍্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। তিনি শুধু বর্তমান নয়, ভবিষ‍্যৎ নিয়ে চিন্তা করে পদক্ষেপ নেন। তার রাজনীতি ভবিষ‍্যতে মানুষ কোথায় কীভাবে থাকবে তা নিয়ে।’