মোংলায় ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি গ্রেফতার 

বাগেরহাটের মোংলায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহতের ঘটনায় প্রধান আসামি মারুফ হোসাইনকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় খুলনার কয়রা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মারুফ কয়রার আব্দুর রশিদের ছেলে।

পূর্ব শত্রুতার জের ধরে সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের ছাড়াবাড়ি এলাকায় মো. শাহিনকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করে তারই বন্ধু মারুফ। এ ঘটনায় পরদিন দুপুরে মারুফকে প্রধান করে অজ্ঞাত  ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বড় বোন খাদিজা বেগম। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলী রেজার নেতৃত্ব একদল সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মারুফকে গ্রেফতার করে।

আরও পড়ুন: বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহতের অভিযোগ

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

শাহীন ছাড়াবাড়ি এলাকার একরামুল হকের ছেলে। তিনি জাহাজের শ্রমিক ছিলেন। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে লাশ দাফন করা হয়েছে। 

বড় বোন খাদিজা বেগম বলেন, ‌‘মারুফ নামে এক কাঠমিস্ত্রির সঙ্গে শাহীনের শত্রুতা ছিল। এই ঘটনার জের ধরে সে আমার ভাইকে হত্যা করেছে।’