বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, ১৭ এপ্রিল আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। এদেশের স্বাধীনতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি শাসকদের নির্যাতনের শিকার হয়েছেন। বারবার জেল-জুলুম ও কারাবরণ করে বাঙালির যে হাজার বছরের স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসংশা করে তিনি বলেন, বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনা। সমালোচনাকারীরা যতই সমালোচনা করুক, তাদের জবাব দিয়ে শেখ হাসিনা এগিয়ে যাবেন।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রবিবার খুলনা মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এস এম কামাল হোসেন।
সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক। এতে প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নূর ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক আহমেদ, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ মো. ফারুক হাসান হিটলু, সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপ-দফতর সম্পাদক হাফেজ শামীমসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম.এ নাসিম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল প্রমুখ।