যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ও মুদ্রাস্ফীতি বেড়েছে। আমরাও এর বাইরে নই। সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে, তারপরও সবাইকে ধৈর্য ধরতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে করোনা মহামারি মোকাবিলা করেছেন, একইভাবে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সঠিক ও সময়োচিত পদক্ষেপ গ্রহণ করেছেন।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকীতে মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১১টায় যশোর শহরে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের সাব-রেজিস্ট্রি অফিস মোড়ে অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতি।
কাজী নাবিল আহমেদ বলেন, ‘আমাদের শোককে শক্তিতে রূপান্তর করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশের অগ্রযাত্রা আরও বেগবান করতে হবে। বর্তমানে আমরা যে পরিস্থিতির মোকাবিলা করছি, এই সময়ে কোনও অপপ্রচার ও গুজবে কান দেওয়া যাবে না। বিএনপি-জামায়াতের কোনও ধরনের অপচেষ্টা প্রশ্রয় দেবেন না। আমরা সবাই সচেষ্ট থাকবো।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে আমরা যেন সঠিক পথে, উন্নয়নের পথে, শান্তি ও প্রগতির পথে রাখতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতা চাই। আগামী নির্বাচনে আমাদের যশোরে নৌকা মার্কার সব প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানাই। আপনাদের যেকোনও প্রয়োজনে পাশে থাকবো।’
দলিল লেখকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা অনেক দিন ধরে কাজ করে যাচ্ছেন। সদর অফিসে মাঝে দীর্ঘদিন রেজিস্ট্রার বা সাব-রেজিস্ট্রার ছিল না। তখন আপনাদের অনেক অসুবিধা হয়েছিল। সেই সময়ে আপনারা আমাকে লোক সংকটের বিষয়টি জানিয়েছিলেন। আমি আইনমন্ত্রীর সঙ্গে এ নিয়ে আলাপ করেছিলাম।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হায়দার আলী এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী হায়াতুর রাজীব। অনুষ্ঠানে বক্তব্য শেষে খাবার বিতরণ করেন কাজী নাবিল আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মুন্সি মহিউদ্দীন, কামাল হোসেন, পৌর কাউন্সিলর মোকছিমুল বারী অপু, যুবলীগ সভাপতি, উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইজু জামান, মেহেদি হাসান মিন্টু, মঈন উদ্দীন মিঠু, সৈয়দ মেহেদি হাসান, সেলিম আহমেদ ও রফিকুল ইসলাম প্রমুখ।