যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে মুদ্রাস্ফীতি হচ্ছে, পণ্যের দাম বাড়ছে। আন্তর্জাতিক বাজারে সবকিছুর দামই বেড়েছে। অন্য অনেক দেশে আমাদের চেয়ে বেশি মুদ্রাস্ফীতি হচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছেন। সবাইকে ধৈর্য ধরতে হবে।’
বুধবার (১৭ আগস্ট) দুপুর দেড়টায় যশোর শহরের জেল রোডে (কেন্দ্রীয় কারাগারের সামনে) জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্য শেষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।
কাজী নাবিল আহমেদ বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ১৯৯৬ সালে ক্ষমতায় এসে বাংলাদেশে আবারও মুক্তিযুদ্ধের পক্ষের সরকার প্রতিষ্ঠা করেন শেখ হাসিনা। ২০০১ সালে আন্তর্জাতিক চক্রান্তে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর বাংলাদেশ সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়। ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা হয়। ৫০০ স্পটে বোমা হামলায় দুই জন নিহত ও বহু মানুষ আহত হন।’
তিনি আরও বলেন, ‘বাংলার মানুষ শেখ হাসিনার ওপর আস্থা রাখে। আগামী নির্বাচনে যশোরের ছয়টি আসনেই নৌকা প্রতীককে জয়যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। সবাই ঐক্যবদ্ধ থাকুন। সবাই মিলে একসঙ্গে কাজ করে যাবেন। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও জয়যুক্ত করে দেশের উন্নয়ন অব্যাহত রাখবো।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর পৌরসভার প্যানেল মেয়র-১ মোকছিমুল বারী অপু। এর আগে শহরের চাঁচড়া ডালমিল এলাকায় ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম হোসেন আয়োজিত অনুষ্ঠানে যান কাজী নাবিল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিন্টু, শ্রমিক লীগ নেতা জবেদ আলী, পৌর কাউন্সিলর মোকছিমুল বারী অপু, জাহিদ হোসেন মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, রবি সিদ্দিকী, লাইজু জামান, মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, অ্যাডভোকেট সেতারা খাতুন প্রমুখ।