রাতের আঁধারে কৃষকের ৬০০ কলাগাছ কেটে ফেলেছে কারা?

ঝিনাইদহে রাতের আঁধারে এক কৃষকের ৬০০ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে সদর উপজেলার দামুকদিয়া গ্রামে মাঠে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক করিমপুর গ্রামের বাসিন্দা বসির লস্কর বলেন, ‘নিজের দুই বিঘা জমিতে ছয় শতাধিক কলাগাছ লাগিয়েছিলাম। কিছুদিনের মধ্যে কলা বিক্রি শুরু করতে পারতাম। শনিবার রাতে কে-বা কারা আমার সব কলাগাছ কেটে ফেলেছে। রবিবার সকালে বাগানে গিয়ে প্রায় সবগুলো কলাগাছ কাটা দেখতে পাই। এতে আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।’

সামাজিক দলাদলির কারণে শত্রুতাবশত প্রতিপক্ষ এ ঘটনা ঘটাতে পারে জানিয়ে বসির লস্কর বলেন, ‘আমার সঙ্গে শত্রুতা থাকতে পারে। কিন্তু ফসলের সঙ্গে যারা শত্রুতা করলো তাদের শাস্তির দাবি জানাচ্ছি।’

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ নিয়ে থানায় অভিযোগ দেননি ওই কৃষক। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’