সুন্দরবন ভ্রমণে গেছেন বাংলাদেশে কর্মরত সাত দেশের সামরিক প্রদিনিধি দল। বার্ষিক কর্মসূচি হিসেবে এই পরিদর্শন বলে জানা গেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে তারা বিলাসবহুল প্রমোদতরি নিয়ে পূর্ব সুন্দরবনের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে প্রবেশ করেন।
করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ‘বিলাসবহুল প্রমোদতরি সানওয়ে ক্রুজে করে প্রতিনিধি দলটি সকাল ১০টায় করমজলে প্রবেশ করলে তাদের স্বাগত জানাই। এরপর তারা করমজলের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ নানা স্থাপনা ও সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করেন। সামরিক প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন- বিমান বাহিনীর এয়ার কমডোর রাফি।’
এই সামরিক প্রতিনিধি দলে রয়েছেন- ভারতের ব্রিগেডিয়ার জেনারেল মানমতি সিং সাবারওয়াল, স্কোয়াড্রন লিডার অমিতোষ শর্মা, মিয়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিয়াত, অস্ট্রেলিয়ার লেফটেনেন্ট কর্নেল জন ডেম্পসি, ফিলিস্তিনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ, তুরস্কের কর্নেল এরদাল সাহিন ও পাকিস্তানের ব্রিগেডিয়ার জেনারেল আলী এজাজ। এ সময় তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানান বন কর্মকর্তা আজাদ কবির।
করমজল পরিদর্শন শেষে তারা সুন্দরবনের হাড়বাড়িয়া পর্যটন কেন্দ্রে যান। বিকালেই তাদের ফেরার কথা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।