খুলনা সিটি নির্বাচন: মেয়র পদে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাত জন। পাশাপাশি কাউন্সিলর পদে ১৮৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (১৬ মে) সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষদিন ছিল মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত।

মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়া ব্যক্তিরা হলেন—আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আবদুল আওয়াল, জাকের পার্টির এস এম জাকির হোসেন, স্বতন্ত্র প্রার্থী আল-আমিন মো. আব্দুল্লাহ চৌধুরী, এস এম শফিকুর রহমান ও সৈয়দ কামরুল ইসলাম। 

তফসিল অনুযায়ী, আগামী ১৮ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন, ২৬ মে প্রতীক বরাদ্দ এবং ১২ জুন ভোটগ্রহণ করা হবে।

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘মেয়র পদে সাত, ৩১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।’

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদান শেষ হয়েছে উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। মনোনয়নপত্র জমাদানের সময় প্রার্থীসহ পাঁচ জনকে আসতে বলা হয়েছিল। প্রত্যেকে সে অনুযায়ী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের প্রচার সামগ্রী অপসারণের কথা বলা হয়েছে। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে চাই। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’