ভারতে পাচারকালে যশোরের শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্ত থেকে ১৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। বুধবার (৩১ মে) রাত ১১টার দিকে বিজিবি অভিযান চালিয়ে স্বর্ণের চালানটি জব্দ করে।
বিজিবি জানায়, শার্শার পাঁচ ভুলাট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অবস্থান নেয়। এক সময় একজনকে সীমান্তের শূন্য লাইনের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামতে বলে। এ সময় ওই ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ইছামতি নদীতে ঝাঁপ দিলে তার কাছে থাকা একটি কাপড়ের ব্যাগ পড়ে যায়। ব্যাগটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্যে থেকে ১৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ৬৩০ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, স্বর্ণের চালানটি শার্শা থানায় জমা দেওয়া হয়েছে।