ভোর থেকে আকাশ মেঘে ঢাকা, সেই সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে মোংলাসহ উপকূলে। আকাশে সূর্যের দেখা না মিললেও গরমের অস্বস্তি থেকে রেহাই পাচ্ছে না জনসাধারণ। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এতে মিলবে স্বস্তি।
বৃহস্পতিবার (৮ জুন) ভোর থেকে মোংলায় আকাশ মেঘাচ্ছন্ন। পাশাপাশি হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কিন্তু বাতাস না থাকায় গুমোট গরম আরও যেন বেড়েছে।
মোংলার রিজেকশনগলির দিনমজুর আমির হোসেন বলেন, ‘ভোর থেকে গুঁড়ি গুঁড়ি, বৃষ্টি কিন্ত গরম কমছে না। ভ্যাপসা গরমে ঘামে শরীর ভিজে যাচ্ছে, বাতাসও নেই। কাজ করতে খুব কষ্ট হচ্ছে। ঝুম বৃষ্টি না হওয়া পর্যন্ত এ গরম কমবে না।’
বুধবার (৭ জুন) বিকালে মোংলা সমুদ্র বন্দরে আবহাওয়া অফিসের জারি করা তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বৃহস্পতিবারও বলবৎ রয়েছে। তবে সতর্ক সংকেত আরও বাড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘মোংলাসহ উপকূলীয় এলাকায় আপাতত যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে তা অব্যাহত থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, তাতে আস্তে আস্তে গরম কমবে।’