সাতক্ষীরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অপহরণকারী গুলিবিদ্ধ

সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের সঙ্গে সংঘর্ষে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, তিনি অপহরণকারী চক্রের সদস্য। বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার গাংনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ যুবকের নাম সাদ্দাম হেসেন (২৫)। তিনি যশোরের শার্শা উপজেলার কাজিরবিল গ্রামের রবিউল ইসলামের ছেলে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, সোমবার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে ব্যবসায়ী আব্দুস সেলিম অপহৃত হন। মঙ্গলবার গভীর রাতে যশোরের শার্শা উপজেলার কাজিরবিল থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। সেখান থেকে আটক করা হয় চার অপহরণকারীকে।
ওসি আরও জানান, আটককৃতদের দেওয়া তথ্য মতে, বুধবার রাতে ওই এলাকা থেকে সাদ্দাম হেসেনকেও গ্রেফতার করা হয়। এরপর তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে ভোমরা এলাকায় যাওয়ার পথে গাংনিয়া এলাকায় পৌঁছালে পুলিশের ওপর হামলা চালায় তার সহযোগীরা। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন সাদ্দাম হোসেন। তবে, অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে গুলিবিদ্ধ সাদ্দাম হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান ও দু’টি রামদা উদ্ধার করেছে বলে জানান ওসি ।
/বিটি/এএ/