খুলনা মহানগরীর দৌলতপুর আঞ্জুমান মসজিদ সড়কে সোমবার সকালে পিটুনিতে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শেখ আরিফুজ্জামান রূপম (৩৪)। তিনি সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ভাগনে বলে জানা গেছে। রূপমের বিরুদ্ধে মাদকসহ ৪টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, ‘সোমবার সকালে দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গন্ডগোল চলে। এ খবর পেয়ে যৌথ বাহিনী সেখানে যায় এবং একজনকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তিনি মারা যান। তার নাম রূপম বলে জানা যায়।’
জানা গেছে, সোমবার সকালে দৌলতপুরের আঞ্জুমান মসজিদ সড়কে মাদকবিরোধী একটি অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযান থেকে ফেরার পথে সড়কে মারামারির ঘটনা দেখে তারা সেখানে যায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে লোকজন রূপমকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। এরপর আহত রূপমকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, রূপমের বিরুদ্ধে ২০১৪ সালের ৭ ডিসেম্বরের একটি মাদক মামলা রয়েছে। ২০২২ সালের ২৪ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দৌলতপুর থেকে ১৮ পিস ইয়াবাসহ রূপমকে আটক করেছিল। এর আগে ২০১৪ সালের ৭ ডিসেম্বর দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রাম থেকে রূপমসহ ২ জনকে ৩৯৫ পিস ইয়াবাসহ আটক করেছিল র্যাব। নিহত রূপম আঞ্জুমান সড়কের শেখ কামাল উদ্দিন বাচ্চুর ছেলে।