খুলনা মহানগরীর সদর থানার বাগমারা এলাকা থেকে ১২টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে নাসিরের হোটেলের পেছনে পরিত্যক্ত বাড়ি থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। খবর পেয়ে র্যাবের বিশেষজ্ঞ টিম উদ্ধার করে রাত ৭টার দিকে ময়ূর আবাসিক এলাকায় নিয়ে নিষ্ক্রিয় করে।
স্থানীয়রা জানান, দুপুর ৩টার দিকে প্রাকৃতিক কাজ করার জন্য অজ্ঞাত এক ব্যক্তি বাগমারা আদর্শ পল্লীর বিপরীতে নাসিরের ভাতের হোটেলের পেছনে বাদশা মিয়ার পরিত্যক্ত জায়গায় যান। সেখানে একটি ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় কয়েকটি ককটেল সদৃশ বস্তু দেখতে পান। ঘটনাস্থল থেকে বাইরে বের হয়ে বিষয়টি স্থানীয়দের কাছে জানান ওই ব্যক্তি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে ঘটনাটি জানান স্থানীয়রা।
খুলনা সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, জাতীয় জরুরি সেবা থেকে ফোন পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল ফিতা দিয়ে ঘিরে দেওয়া হয়। লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ব্যাগের ভেতর ১২টি ককটেল দেখে তিনি র্যাবের বোমা বিশেষজ্ঞদের খবর দেন। র্যাব এসে রাত ৭টার পরে সেগুলো নিষ্ক্রিয় করে।