যশোরে জামায়াতকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-৪ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আশেক এলাহী। জামায়াতের প্রার্থী গোলাম রসুলকে সমর্থন দিয়ে কর্মী-সমর্থকদের তার পক্ষে প্রচারণার কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামীর যশোর জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের প্রার্থী আশেক এলাহী বলেন, ‌‘ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৪ আসনে খেলাফত মজলিসের পক্ষে মনোনয়ন সংগ্রহ করি। দলীয় প্রতীক দেয়াল ঘড়ির প্রচারণাও শুরু করেছিলাম। কিন্তু খেলাফত মজলিস আগামী নির্বাচনে ১০ দলীয় নির্বাচনি জোটে যায়। জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক এ আসন জামায়াতে ইসলামীকে দেওয়া হয়েছে। এজন্য দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর স্বার্থে নির্বাচন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে আমার ও দলীয় কর্মী-সমর্থকদের যাবতীয় তৎপরতা জোটের প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের পক্ষে থাকবে।’ 

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের প্রার্থী গোলাম রসুলসহ জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, খেলাফত মজলিসের প্রার্থী জামায়াতের প্রার্থীকে সমর্থন দিলেও  ব্যালট পেপারে তার নাম ও প্রতীক থাকবে। আসনটিতে এই দুই প্রার্থী ছাড়াও নির্বাচন করছেন স্বতন্ত্র এম নাজিম উদ্দিন আল আজাদ, বিএনপির মতিয়ার ফারাজী, জাতীয় পার্টির জহুরুল হক ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি মন্ডল।