খুলনায় ফজরের সময় মসজিদে ঢুকে গুলি, যা দেখলেন মুসল্লিরা 

খুলনা মহানগরীর দৌলতপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদের ভেতরে প্রবেশ করে দুই মুসল্লিকে গুলি করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটে।

আহত দুই জন হলেন লোকমান ও আলম। লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হয়েছে। আহত আলম খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মুসল্লিরা জানান, নামাজ শেষে অস্ত্রধারীরা মসজিদের ভেতর ঢুকে পড়ে। এরপর তারা গুলি করতে শুরু করে। একে একে কয়েক রাউন্ড গুলি করে অস্ত্রধারীরা। এতে দুই জন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ দুই জনের একজন নামাজ শেষে কোরআন তেলাওয়াত করছিলেন। অপরজন নামাজ শেষে বের হচ্ছিলেন। এ অবস্থায় অস্ত্রধারীরা মসজিদে ঢুকে গুলি করে।

লোকমানের মাথায় গুলি লাগে। তার অবস্থা গুরুতর। আর আলমের মাথা, গলার বাঁ পাশ ও ডান হাতের বাহুতে গুলি লাগে বলে জানা গেছে।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, ফজরের নামাজ শেষে কয়েকজন দুর্বৃত্ত মসজিদের ভেতর প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তাদের ছোড়া গুলিতে লোকমান ও আলম নামে দুই ব্যক্তি আহত হন। লোকমান নামাজ শেষে মসজিদের ভেতরে কোরআন তেলওয়াত করছিলেন। স্থানীয় মুসল্লিরা তাদের দুই জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। তাদের মধ্যে লোকমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অপরজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির ৫টি খোসা উদ্ধার করেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। হামলার কারণ ও অপরাধীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।