ঝিনাইদহের কোটচাঁদপুর থানার ভিতর নিজের রাইফেলের গুলিতে সোলাইমান হোসেন (২৫) নামের এক কনস্টেবল নিহত হয়েছে। সোমবার দুপুর পৌনে ২টার দিকে সেন্ট্রি ডিউটি করার সময় এই ঘটনা ঘটে। সোলাইমান হোসেনের কং নং ৯৪৯। তিনি গত ২৯ ফেব্রুয়ারি কোটচাঁদপুর থানায় যোগদান করেন।
নিহত সোলাইমান যশোর জেলার ঝুমঝুমপুর এলাকার দায়তলা গ্রামের মোদাচ্ছের আলী মণ্ডলের ছেলে।
কোটচাঁদপুর থানার সেকেন্ড অফিসার জয়নাল আবেদীন জানান,সোলাইমান সোমবার দুপুরে ডিউটিতে থাকাবস্থায় নিজের চায়নিজ রাইফেলের গুলিতে মারা যায়। গুলিটি তার বুকের বামপাশে বিদ্ধ হয়।
আরও পড়তে পারেন:
তিনি আরও জানান, এ সময় তিনি থানা ভবনের উপরে বিশ্রামে ছিলেন। গুলির শব্দ শুনে নিচে নেমে এসে দেখেন কনস্টেবল সোলাইমান গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার আকর্ষিকতায় তার সহকর্মীরা বোকা হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ডা. আজিজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
ডা. আজিজুর রহমান সাংবাদিকদের জানান,এটি আত্মহত্যা কিনা জানি না তবে, গান ইনজুরিতে তিনি নিহত হয়েছেন। খবর পেয়ে ঝিনাইদহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, অসাবধানতাবশত নিজের গুলিতে সোলাইমান নামে এক কনস্টেল নিহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
/জেবি/