সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করায় নিজ আসন শ্যামনগর সদরে মিষ্টি বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকালে বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে শ্যামনগর মিষ্টি বিতরণ করেন বিএনপির কর্মী ও স্থানীয় লোকজন। এ সময় উপজেলা জামায়াত কার্যালয়ে থমথমে পরিস্থিতি দেখা যায়।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির বলেন, ‘নৈতিক স্খলনের জন্য এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের জন্য জামায়াত ইসলামকে ধন্যবাদ জানাই। তবে শুধু এই টুকুতে সন্তুষ্ট নয় সাধারণ মানুষ। তাকে দলীয় পদ থেকে অপসারণের দাবি জানাচ্ছি আমরা।’
জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান বলেন, ‘আমরা দলের কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি। আমরা বিশ্বাস করি জামায়াতে ইসলামী একটি নৈতিক সংগঠন। সেই জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত নিয়েছে সংগঠন। এ ব্যাপারে আমাদের নেতাকর্মীরা বিভ্রান্ত হবে না। এ ঘটনায় কিছুটা হলেও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সঠিক সিদ্ধান্ত নেওয়াতে এই মর্যাদা ফিরে পাবো বলে বিশ্বাস করি আমরা।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার কারণে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিকালে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে নৈতিক স্খলনের দায়ে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। জামায়াত আমির শফিকুর রহমানের সভাপতিত্বে রাজধানীর মিন্টো রোডে অনুষ্ঠিত বৈঠকে গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়।