প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ জ্যেষ্ঠ রাজনৈতিক নেতাদের নিয়ে কটূক্তিকারীদের ‘বেয়াদব’ আখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দিন পাটওয়ারীর তীব্র সমালোচনা করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেন, “একটি এলাকায় একজন গুন্ডা থাকলে সে এলাকা ধ্বংস করে, কিন্তু একজন বেয়াদব পুরো সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে। এদের সায়েস্তা করার জন্য যুবদলের মাঠে নামার প্রয়োজন নেই, দেশের জনগণই এদের উপযুক্ত জবাব দেবে।”
শনিবার (১ আগস্ট) বিকালে যশোর টাউনহল ময়দানে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যশোর জেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনসিপির রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে মুন্না বলেন, “এসব বেয়াদবদের জনগণ ইতোমধ্যেই বয়কট করেছে। তাদের সহযোগী রাজনৈতিক দলের সরকার গঠনের প্রবল ইচ্ছা ছিল, কিন্তু তারা তা পারেনি। তারা মিথ্যার ফুলঝুরি ছড়িয়ে ও ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। তবে আমরা যদি সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি চালিয়ে যাই, আগামী দিনে দেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করবে না।”
জুলাই আন্দোলনে যুবদলের ভূমিকার কথা স্মরণ করে নেতাকর্মীদের সতর্কবার্তা দেন সংগঠনের সভাপতি। তিনি বলেন, “স্রোতের অনুকূলে ভেসে গিয়ে রাজনীতি করলে চলবে না। জুলাই গণ-আন্দোলনে যুবদলের প্রতিটি ইউনিট সর্বশক্তি নিয়ে রাজপথে ছিল। সেই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করতে আমাদের বিরতিহীন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এখন সময় এসেছে সৃজনশীল রাজনীতির মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার।”
যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা এবং যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুলসহ স্থানীয় জ্যেষ্ঠ নেতারা।