যশোর জেলা কমিটি দিলো এনসিপি, পদ পেলেন যারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত কমিটিতে নুরজ্জামানকে আহ্বায়ক ও মনিরুজ্জামান আজাদকে সদস্যসচিব করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

রবিবার (৯ আগস্ট) গভীর রাতে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে যশোর জেলা শাখা এ কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশা।

অনুমোদিত কমিটিতে অন্যান্যের মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে ড. শহীদুল ইসলাম জাবির ও যুগ্ম আহ্বায়ক হিসেবে শাহজাহান কবীর ও আসাদুজ্জামান বাবুল দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে ইঞ্জি. আরিফ জামান এবং যুগ্ম সদস্যসচিব হিসেবে সাজিদ সারোয়ার ও মো. বাদল উর রহমান দায়িত্ব পেয়েছেন। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে সালমা আক্তার আশা ও আব্দুল মতিন এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে ইঞ্জি. বায়েজিদ হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, অনুমোদিত আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে আহ্বায়ক নূরজ্জামান বলেন, ‘জুলাই গণঅভ্যুস্থানে যশোর থেকে রাজপথে লড়াই করেছিলাম। পরে এনসিপি গঠন হলে জেলার প্রধান সমন্বয়ক করে কেন্দ্রীয় কমিটি। জেলার নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন আন্দোলন সংগ্রামে ভুমিকা রেখেছিলাম। এখন নেতৃত্ব পরিধি ও কার্যক্রম গতিশীল করতে আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। আশা করি, সবাইকে নিয়ে কর্মপরিধি আরও বিস্তৃত করতে পারবো ও রাজপথে মানুষের দাবি আদায় ও সংগ্রামে ভুমিকা রাখবে এই কমিটি।’