এবার খুলনায় ফুটবল খেলা নিয়ে যুবককে গুলি করে হত্যা

এবার খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মঞ্জুরুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর লবণচরা থানার আশিবিঘা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জুরুল ইসলাম আশিবিঘা এলাকার বাসিন্দা খোকনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারী ছিলেন বলে জানা গেছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

স্বজনরা জানান, মঞ্জুরুল আগে পড়াশোনা করতেন। পরিবারের আর্থিক অনটনের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরে বাবার সঙ্গে রাজমিস্ত্রির কাজ করতেন। বুধবার কাজে যাননি। সন্ধ্যার দিকে এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, ‘আশিবিঘা এলাকার একটি ফাঁকা মাঠে ফুটবল খেলা হয়। সেখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’

এর আগে খুলনার রূপসায় মামুন মীর (৩৫) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ আগস্ট) দিনগত রাত পৌনে ১০টার দিকে উপজেলার নৈহাটী গ্রামের প্রতিবন্ধী স্কুলের সামনে ঘটনাটি ঘটে।

মামুন মীর বাগমারা গ্রামের মৃত নিয়ামত আলী মীরের বড় ছেলে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।